গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহতের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (২১ জুন) রাত ১০টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মোড়ের একদিকের যানচলাচল বন্ধ হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার আয়োজনে রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন তারা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা হয়। স্বজনরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।