সরকারি দপ্তরে দীর্ঘদিনের শূন্য পদ পূরণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নুরুল আমীনের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক গতি ও নাগরিক সেবার মান বাড়াতে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনার আওতায় ধাপে ধাপে শূন্য পদ পূরণ করা হবে।

তিনি বলেন, ৫ লাখ নিয়োগের লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে বর্তমান শূন্য পদের সংখ্যা এবং চলমান নিয়োগের সর্বশেষ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে সব মন্ত্রণালয়কে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে জনবল সংকট কাটবে এবং সরকারি সেবায় গতি আসবে।