ওয়ানডের হতাশা ঝেড়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রোববার (২১ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ থামে ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানে।

একপ্রান্ত আগলে অধিনায়ক তাওহীদ হৃদয় করেন ৫১ বলে ৬১ রান। ৩টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ১৬। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আগের ম্যাচে খরুচে স্পেন্সার জনসন এবার ৪ ওভারে মাত্র ৬ রানে নেন ২ উইকেট। নাথান এলিস ও অ্যাডাম জাম্পাও নেন ২টি করে উইকেট।

১১০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রান করে ম্যাচ একাই শেষ করে দেন তিনি। জস ইংলিশ ১৭, কনোলি ১৫ রান করেন। টিম ডেভিড ৩ বলে ১২ রানের ক্যামিওতে ১১ ওভারেই জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের বোলাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। তাসকিন ২ ওভারে ২৭, রিশাদ ২ ওভারে ২২ ও নাহিদ রানা ১ ওভারে ২০ রান দেন।

প্রথম ম্যাচে ৪ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৭ রানে জয়ের পর শেষ ম্যাচে আরও বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ২০২১ সালে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের আক্ষেপও মিটিয়ে নিল তারা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ বাংলাদেশ সিরিজে কোনো লড়াই-ই করতে পারেনি।