সংসদ অধিবেশনে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চাওয়ায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে থামিয়ে দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলছিল। মন্ত্রীর বক্তব্য শেষ না হতেই দাঁড়িয়ে পড়েন হান্নান মাসউদ। কথা বলার অনুমতি চাইলে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
স্পিকার বারবার বসতে বললেও না বসে দাঁড়িয়ে থাকেন হান্নান মাসউদ। তিনি বারবার স্পিকারের কাছে কথা বলার সুযোগ চাইতে থাকেন।
তখন ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হান্নান মাসউদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্ম। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন।’
‘এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন’— স্পিকারের এই কথার পরও থামেননি হান্নান মাসউদ। পরে চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন তিনি।
এরপর ফ্লোর নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।