মার্কিন টেলিভিশনের কিংবদন্তি সিটকম নির্মাতা ও পরিচালক জেমস বারোজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার অ্যাটর্নি টম হবারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

পরিবারের এক বিবৃতিতে বলা হয়, প্রিয়জনদের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন জেমস ‘জিমি’ বারোজ। পরিবার তার দীর্ঘ সৃষ্টিশীল জীবন ও বিশ্বজুড়ে কোটি দর্শককে আনন্দ দেওয়ার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে টেলিভিশন কমেডির জগতে অনন্য নাম হয়ে ওঠেন বারোজ। জনপ্রিয় সিটকম ‘চিয়ার্স’-এর সহ-নির্মাতা তিনি। এক হাজারেরও বেশি পর্ব পরিচালনা করেছেন। তার পরিচালিত আলোচিত সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ফ্রেন্ডস’, ‘দ্য বিগ ব্যাং থিওরি’ এবং ‘উইল অ্যান্ড গ্রেস’।

১৯৪০ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া বারোজের শৈশবের বড় অংশ কেটেছে নিউইয়র্ক সিটিতে। ইয়েল স্কুল অব ড্রামায় পরিচালনা নিয়ে পড়াশোনা শেষে নির্মাণজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে ১১টি এমি পুরস্কার ও পাঁচবার ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার জেতেন তিনি। ২০১৫ সালে টেলিভিশন পরিচালনায় আজীবন সম্মাননাও পান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ‘ফ্রেন্ডস’র অভিনেত্রী লিসা কুড্রো, ‘উইল অ্যান্ড গ্রেস’র অভিনেতা এরিক ম্যাককরম্যাক এবং ‘টু ব্রোক গার্লস’র অভিনেত্রী বেথ বেহার্স। সহকর্মীদের ভাষায়, তিনি ছিলেন টেলিভিশন কমেডির ইতিহাসে অন্যতম প্রভাবশালী নির্মাতা ও অসাধারণ মেন্টর।