বিশ্বকাপের গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে নকআউটে ওঠার নিয়ম স্পষ্ট করল ফিফা। একাধিক দলের পয়েন্ট মিলে গেলে ৫ ধাপে নির্ধারণ হবে পরের রাউন্ডের ভাগ্য।

রোববার ফিফার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮ দলের এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউটে যাবে। সঙ্গে যাবে আটটি সেরা তৃতীয় দল।

পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে হেড-টু-হেড ফল। সেখানেও সমতা থাকলে বিবেচনায় আসবে সামগ্রিক গোল ব্যবধান। তাতেও সমতা না কাটলে দেখা হবে মোট গোলসংখ্যা। এরপরও পার্থক্য না হলে ফেয়ার প্লে রেকর্ড—অর্থাৎ কম হলুদ ও লাল কার্ড পাওয়া দল সুবিধা পাবে। সবশেষে নির্ভর করা হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের ওপর।

তৃতীয় স্থানধারী দলগুলোর ক্ষেত্রে আলাদা ‘ওয়াইল্ডকার্ড টেবিল’ তৈরি হবে। সেখানে প্রথমে পয়েন্ট, এরপর গোল ব্যবধান, মোট গোল, ফেয়ার প্লে রেকর্ড এবং শেষে ফিফা র‌্যাঙ্কিং দেখা হবে।

ফিফার নতুন এই নিয়মে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে একটি গোল বা একটি কার্ডই বদলে দিতে পারে নকআউটের টিকিট।