বরিশালে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন।

রোববার (২১ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাশেদ খান মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানান, মেননের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগও আছে। দুপুরে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে বাসায় যায়। পুলিশ পৌঁছানোর আগেই তিনি লুকিয়ে পড়েন। তাকে না পেয়ে পুলিশ ফিরে আসে।

ওসি আরও জানান, পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর খবর আসে মেনন বাসার ছাদ থেকে পড়ে গেছেন। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ যাওয়ার খবরে আতঙ্কিত হয়ে মেনন ছাদে ওঠেন এবং সেখান থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে মারা যান।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন।