মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপরজন ভারতীয় নাগরিক।
পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।