সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো থাকেন বাবা। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা, নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। আজ বিশ্ব বাবা দিবস।

এ উপলক্ষে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিজীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা, আমার বাবার গল্প। আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন শবনম ফারিয়া। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে জানান তিনি। ফারিয়া বলেন, ‘আমার দাদি সবসময় আমাকে ডাকেন—আমার ছেলের কলিজা। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না।’

গত বছর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। নতুন সংসারে আরেকজন বাবাও পেয়েছেন তিনি। তা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে আব্বু বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’