ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এই আলোচনায় অংশ নেবে বলে তাদের প্রত্যাশা। ‘ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছে, পাকিস্তান সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে’— বলেছে মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই বৈঠকে যোগ দিচ্ছেন।

এর মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার এএফপি জানায়, তেহরান বলছে এই হামলা ওয়াশিংটনের সঙ্গে তাদের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় প্রথম পদক্ষেপ নেওয়া হলো। আগ্রাসন চললে পরবর্তী পদক্ষেপও নেওয়া হবে।’

সূত্র: আলজাজিরা, এএফপি