হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে আবারও মা হতে যাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী তৃতীয় সন্তানের আগমনের খবর দিলেন নিজেই।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে সুখবর জানান অ্যান। সাদা পোশাকে ক্যামেরার সামনে এসে প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখেন। এরপর হাত সরিয়ে বেবি বাম্প দেখান। পেটে হাত রেখে হাসিমুখে ভালোবাসা জানান অনাগত সন্তানকে।

ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বেবি, আমি তোমার।’

অ্যান হ্যাথাওয়ে ও স্বামী অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিয়ে করেন। তাদের ঘরে আছে দুই ছেলে— ১০ বছরের জোনাথন ও ৬ বছরের জ্যাক।

চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে অ্যান বলেছিলেন, দুই সন্তানকে নিয়ে তার সময় দারুণ কাটছে। পরিবার ও কাজ— দুটোই উপভোগ করছেন। সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন বলেও জানান তিনি। মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়, বলেছিলেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ খ্যাত এই অভিনেত্রী।