রোমাঞ্চকর ম্যাচে জাপানের সঙ্গে ২-২ সমতায় বিশ্বকাপ শুরু করা নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে। সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ডাচরা টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার বিশ্বকাপ রেকর্ডে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে।

১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল। চলতি বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস ছিল ১২ ম্যাচে অপরাজিত। জাপানের সঙ্গে ড্র করে তারা ব্রাজিলকে ছুঁয়ে ফেলে। গতকাল সুইডেনকে হারিয়ে টানা ১৪তম ম্যাচ অপরাজেয় থেকে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিল রোনাল্ড কোম্যানের দল।

২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর থেকে বিশ্বকাপের নির্ধারিত সময়ে আর হারেনি ডাচরা। ২০১৪ ও ২০২২ আসরে তারা টাইব্রেকারে বিদায় নেয়। ২০১৮ বিশ্বকাপে অবশ্য বাছাইপর্বই পেরোতে পারেনি নেদারল্যান্ডস।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে ব্রায়ান ব্রবি গোল করেন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো জোড়া গোল করেন। শেষদিকে স্কোরশিটে নাম তোলেন ক্রিসেনসিও সামারভিল। সুইডিশদের একমাত্র গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা।

এই জয়ে ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে সুইডেন দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে জাপান তিনে। ১ ম্যাচ খেলে শূন্য পয়েন্টে তলানিতে তিউনিসিয়া।