‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ)’ পরবর্তী পদক্ষেপ হিসেবে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের ‘টেকনিক্যাল পর্যায়ের’ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও এখনো কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। জেনেভায় শীর্ষ কর্মকর্তাদের সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। তবে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে।

এর মধ্যেই শনিবার হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর ‘খাতাম আল-আনবিয়া’ এ তথ্য নিশ্চিত করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি তেহরানের প্রথম পদক্ষেপ। আঞ্চলিক আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে উত্তেজনার মধ্যেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তিনি শিগগিরই সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পারেন। ১৪ দফা চুক্তির ভিত্তিতে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি শেষ পর্যন্ত টিকে থাকবে বলেও আশাবাদ জানান তিনি। যদিও হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ভ্যান্স।