বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজা রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে হবে।

শনিবার সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুস সাদেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবদুস সাদেক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই। তার বড় ছেলে টি স্পোর্টসের সিইও ও ক্রীড়া ব্যক্তিত্ব ইশতিয়াক সাদেক।

আবদুস সাদেক শুধু অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়ই ছিলেন না, ফুটবল, ক্রিকেটসহ বহু ক্রীড়া ইভেন্টে পারদর্শী ছিলেন। ঢাকা আবাহনী লিমিটেডের প্রথম ফুটবল ও হকি অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান। তার বাবা অ্যাডভোকেট আবদুস সোবহান ছিলেন ব্রিটিশ আমলের খ্যাতনামা সাঁতারু।

আবদুস সাদেক পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ১৯৬৯ সালে দেড় মাসের ইউরোপ সফর করেন। জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডে খেলেন তারা। ফেরার পথে মিসরের সঙ্গেও ম্যাচ খেলেন। ওই সফরে ক্যারিশমা দেখিয়ে দ্রুত পরিচিত হয়ে ওঠেন তিনি।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়ক ছিলেন। ফুটবল ছেড়ে ১৯৭৭ সালে আবাহনীর প্রশিক্ষকের দায়িত্ব নেন। সেবার লিগে কোনো ম্যাচ না হেরে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তিনটি ড্র ছাড়া বাকি সব ম্যাচে দাপুটে জয় পায় দল। স্বাধীন বাংলাদেশে এটাই ছিল কোনো দলের প্রথম অপরাজিত লিগ জয়ের রেকর্ড।

পরে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। তার প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হয়। ওই আসরের আয়োজক হওয়ার কথা ছিল জাপানের। এশিয়ান হকি ফেডারেশনের বৈঠকে তার বক্তব্যে মুগ্ধ হয়ে পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ইরানের সমর্থনে আয়োজকের দায়িত্ব পায় বাংলাদেশ।

১৯৭৭-৭৮ মৌসুমে হকিতে প্রথম জাতীয় দল গঠন হয়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন আবদুস সাদেক। একটিতে জয়, একটিতে ড্র ও একটিতে হার। ১৯৭৮ সালে বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়। হকি দলের অধিনায়ক ছিলেন তিনিই।