খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু খেললে হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে।’

শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ছোট্ট বন্ধুরা, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

এ সময় সবুজ মাঠে ফুটবল খেলতে কেমন লেগেছে জানতে চান প্রধানমন্ত্রী। ‘কে কে খেলতে চাও’ প্রশ্নে অনেক শিক্ষার্থী হাত তুললে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর ২২ লাখ বালক-বালিকা এ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে শুধু ফুটবল খেললে হবে না। ক্রিকেট খেলতে হবে, সাঁতার কাটতে হবে। তোমরা দেশের ভবিষ্যৎ। তাই তোমাদের সবকিছুতে এগিয়ে যেতে হবে, সবকিছুতে পারদর্শী হতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের সঙ্গে বর্ণিল ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও দর্শকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে পুরো স্টেডিয়াম ঘুরে শিক্ষার্থীদের শুভেচ্ছা গ্রহণ করেন ও অভিনন্দন জানান। পরে বেলুন উড়িয়ে বালিকাদের চূড়ান্ত খেলার উদ্বোধন করেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আমরা বিজয়ী হলে দেশের খেলাধুলাকে এগিয়ে নেব। সেই প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব ধরনের খেলা খেলে সারা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তোমরা। আমরা যতটুকু পেরেছি, তোমরা এর চেয়ে কয়েকগুণ বেশি করবে।’

চূড়ান্ত খেলায় বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।