‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যে কৃষির আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে।

‎বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রাম চত্বরে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

‎উপজেলা কৃষি কর্মকতা নাহিদা আফরিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎মেলায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২০টি স্টল। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, জৈব সার, নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল এবং দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হচ্ছে।

‎মেলা ঘুরে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ কৃষি ও পুষ্টি বিষয়ক নানা তথ্য সংগ্রহ করছেন। নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।

‎বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং দেশীয় ফল চাষ সম্প্রসারণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে।

‎আয়োজকরা জানান, মেলা চলাকালে কৃষকদের জন্য প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা, ফল চাষ, পুষ্টি সচেতনতা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ, আলোচনা ও পরামর্শ প্রদান করা হবে।
‎মেলাটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।