আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হচ্ছে। এরপর চালু হবে ঢাকা-খুলনা রুট।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ‘আগস্টের মধ্যে ঢাকা-পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে। আমাদের কোচ আসছে। আগামী মাসে কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা-পাবনা। পরবর্তীটা ঢাকা-খুলনা।’

নিজে খুলনার হলেও পাবনাকে অগ্রাধিকার দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি খুলনার মানুষ। আমি মনে করেছি ঢাকা-পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি। কারণ সাফারিংটাও তাদের বেশি। নিশ্চয়ই পাবনারটা আগে হচ্ছে, তারপরে খুলনারটা চালু হচ্ছে।’

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও জনসেবার স্বার্থে পরিবহন খাতকে সুশৃঙ্খল করা জরুরি। এ ক্ষেত্রে মালিক-শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা পাচ্ছে সরকার। তিনি বলেন, ‘পরিবহন সেক্টরের শৃঙ্খলা দরকার। এখন সে শৃঙ্খলাটা কীভাবে হবে, পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোও বর্তমান বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণ চায়। তারাও একটা আমূল পরিবর্তন চায়, একটা শৃঙ্খলা চায়, একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে চায়।’

সরকার আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস একটি মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা, যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে।’

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন—এগুলো একটা প্রকল্পের প্রাথমিক ধাপ। সেটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। নিশ্চয়ই যেহেতু পাবনাবাসীর দাবি একটা বৃহত্তর জনস্বার্থে, ডেফিনেটলি এটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমি যেহেতু রেল, সড়ক এবং নৌ যোগাযোগ দেখছি—সেখানে নৌ এবং সড়ক দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা সমন্বয় করে ইতিমধ্যে আমরা অগ্রসর করছি। আমার বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করবে।’

এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।