বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত ছিলেন।
মালয়েশিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।
এর আগে স্থানীয়দের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের মাত্র তিন মাস সময়ে ইতিমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের জায়গায় স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে মন্ত্রী উত্তর ইসলামপুরে পৌঁছে স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা ও দুর্ভোগের খোঁজ নেন। পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।