তিন মাসের বেশি সময় ধরে দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হাম। টিকা কার্যক্রম জোরদারের পরও নিয়ন্ত্রণে আসছে না রোগটি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা।
সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৪ জনের, আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।