রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান তাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (২০ জুন) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত বলেন, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়। রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই করতে হবে। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকারের কথা জানিয়ে রাষ্ট্রদূত আন্তর্জাতিক অংশীদারদের কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি হয়।