ইসরায়েল তার কথামতোই চলে এবং চাইলে লেবাননে নতুন হামলা থেকে দেশটিকে থামাতে পারবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেছেন, তার সমর্থন না থাকলে ইসরায়েলের টিকে থাকাই কঠিন হতো।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। উপস্থাপক মার্ক ক্যাপুটো জানতে চান, ‘আপনি কি ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে পারবেন?’

প্রশ্ন শেষ হওয়ার আগেই ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, পারব।’

কীভাবে সম্ভব—জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাকে অনেক সম্মান করে এবং আমি যা বলি, তারা তাই করে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প না থাকলে কী হতো, ভাবুন। নেতানিয়াহু আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন।’

‘আমি না থাকলে ইসরায়েল কার্যত ধ্বংস হয়ে যেত,’ দাবি করেন ট্রাম্প।

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক কেমন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক ভালো। তবে আমাদের তাকে কিছুটা হলেও সুস্থ ও সংযত রাখতে হয়।’

ইরানকে ঘিরে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা যাতে ভেস্তে না যায়, সে জন্য লেবাননে নতুন হামলা থেকে ইসরায়েলকে বিরত রাখার চেষ্টার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করলেন।