স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে না পারলে এই ইস্যুতে বিএনপির পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সেদিকে না হেঁটে সংশোধনের পথে হাঁটছে। এই সংশোধন নয়, বরং সংস্কারই বাস্তবায়ন করতে হবে। বিএনপি যদি এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে না পারে, তাহলে দেশ আবারও আরেকটি ফ্যাসিবাদি কাঠামোর মধ্যে আটকে যাবে। আর সংস্কার করতে ব্যর্থ হলে এই ইস্যুতেই দলটির পতন ঘটবে।
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ভূমিকার তুলনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গুণ্ডাবাহিনীকে জামিন করিয়ে তারা বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবং দেশের মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। গণঅভ্যুত্থানে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতে অদক্ষ লোক নিয়োগ করে দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে।
স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, বাগেরহাট স্বাস্থ্য ও শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। আগামীতে এনসিপি দায়িত্বে এলে এই অঞ্চলের স্বাস্থ্য-শিক্ষাসহ সামগ্রিক উন্নয়ন করা হবে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করে জীবন-জীবিকার পরিবর্তন আনা হবে। এছাড়া বাগেরহাটের সমৃদ্ধ চিংড়ি শিল্পকে মরণদশা থেকে বাঁচাতে মাফিয়া চক্র ও রপ্তানি সিন্ডিকেটের পতন ঘটিয়ে প্রকৃত চাষিদের জীবন-মান উন্নত করার আশ্বাস দেন তিনি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে এনসিপির বাগেরহাট জেলা সভাপতি সৈয়দ মনোয়ার মোর্শেদ সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সফরকালে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পূর্বে ঘোড়ার দিঘির দক্ষিণ পাড়ে বৃক্ষরোপণ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।