বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি ও বদলি করেছে সরকার। এর মধ্যে ৪ জন ইউএনওকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন এডিসির কর্মস্থল পরিবর্তন এবং ৬ জন কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ইউএনও থেকে এডিসি হলেন যারা:
প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলামকে জামালপুরের এডিসি, রাঙামাটি সদরের ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ির এডিসি, চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনও সজীব কান্তি রুদ্রকে বান্দরবানের এডিসি এবং ফেনীর সোনাগাজীর ইউএনও রিগ্যান চাকমাকে চাঁদপুরের এডিসি করা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(২) ধারায় তাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
এডিসি পদে রদবদল:
কিশোরগঞ্জের এডিসি মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাতক্ষীরার এডিসি এবং বান্দরবানের এডিসি মো. আবু তালেবকে ব্রাহ্মণবাড়িয়ার এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ইউএনও হিসেবে পদায়নের জন্য ন্যস্ত:
প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর মধ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ের ইউএনও মংচিংনু মারমাকে সিলেট বিভাগে, জামালপুরের ইসলামপুরের ইউএনও নাজমুল হুসাইনকে ঢাকা বিভাগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন এবং রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথিকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান নূরী তাসমিন ঊর্মিকেও ইউএনও হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যস্ত করা কয়েকজন কর্মকর্তাকে আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।