জামায়াতে ইসলামীর নির্মম পতন খুব শিগগিরই হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে ‘ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধীদল’ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এই পতনের জন্য তাদের মূর্খ নেতাকর্মীরাই দায়ী থাকবে।

পোস্টে নিজের মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।’

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা লেখেন, ‘ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি চুপ হয়ে যাবো। আমাকে থামাতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা আগে শুধু সরকারি দলের পতন দেখেছি। এবার ভিন্নতা ঘটবে।’

রাশেদ খাঁন আরও লেখেন, ‘এরই মধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো ভুল ও অযোগ্যতা বের হবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’