যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে আলোচনাটি হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেটি বাতিলের কথা জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল করেছে। সূচি অনুযায়ী শুক্রবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে এবং যুদ্ধ থামানোর সাম্প্রতিক সমঝোতা কার্যকর করার রূপরেখা ঠিক করতেই বৈঠকটির আয়োজন হয়। কিন্তু বৈঠকের আয়োজন ও অন্যান্য বিষয় পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় মার্কিন প্রশাসন সফর ও আলোচনা দুটোই আপাতত স্থগিত রেখেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, পরিস্থিতি দেখে পরবর্তী করণীয় ও নতুন তারিখ ঠিক করা হবে।
এর আগে দুই দেশ সরাসরি না বসে ডিজিটাল মাধ্যমে একটি সমঝোতা স্মারকে সই করে। চুক্তি অনুযায়ী ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ওয়াশিংটন তেহরানের ওপর থাকা কিছু আন্তর্জাতিক ও আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয়েছে। তবে বাস্তবায়নের প্রথম ধাপের বৈঠক স্থগিত হওয়ায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।