স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওইদিন দুপুর দেড়টায় আদালতে হাজির হন জাহের আলভী। দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান।
আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
জামিন আবেদনে দাবি করা হয়, এই ঘটনার সঙ্গে আলভী কোনোভাবে জড়িত নন। ভালোবেসে বিয়ে করায় বাদী ব্যক্তিগত ক্ষোভ থেকে হয়রানি করার জন্য মামলা করেছেন। এজাহারে আলভীর বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। ঈদের নাটকের শুটিংয়ের জন্য ২৫ ফেব্রুয়ারি তিনি নেপালে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলায় বলা হয়, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে আছে। এই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।