স্টাফ রিপোর্টার: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারের সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।