নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা করা হবে। একই সাথে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই সারা দেশের শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।
দেশের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থীদের আর ফলাফল ও ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। উচ্চশিক্ষা স্তরে সেশন জট পুরোপুরি দূর করতে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই যেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলমান পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ নিয়ে ড. এহছানুল হক মিলন জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা কোনো রকম জটিলতা ছাড়াই নতুন বই হাতে পায়।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনার ভেতরেই আটকে রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
মোহাম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।