মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের বিভিন্ন উদ্ভাবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি দিয়ে পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। এ ছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড উদ্ভাবন করেছেন।
দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি সাজ্জাদুলের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে তাকে উৎসাহিত করেন।