জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন তরুণদের কাছে পৌঁছে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের বড় পরিকল্পনা নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত পুরো এক বছর ‘নজরুল বর্ষ’ পালন করা হবে। এ সময়ে জাতীয় কবির জীবন, সাহিত্য ও চিন্তাধারা নিয়ে নানা কর্মসূচি হবে।

মন্ত্রী জানান, নজরুল বর্ষ বাস্তবায়নে একটি জাতীয় কমিটি করা হবে। পাশাপাশি লোগো, পোস্টার ও ক্যালেন্ডার তৈরি এবং স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

নজরুল বর্ষের উদ্বোধন ঘিরে আগামী ১৮ থেকে ২০ জুন ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় তিন দিনের অনুষ্ঠান হবে। এজন্য সংশ্লিষ্ট খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বছরজুড়ে বিভিন্ন আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্য-সংগীত নিয়ে গবেষণা বাড়ানো হবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার কাজও চলবে।

প্রসঙ্গত, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়।