যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার চুক্তি সই হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সই হলেই হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে। তবে চুক্তির সময় নিয়ে ভিন্ন কথা বলেছে ইরান। খবর আল-জাজিরার।
শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রোববার চুক্তি সই হওয়ার কথা। সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হবে।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে।
অ্যাক্সিওস জানায়, ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা থাকবেন। সেখানে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এর আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।
ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র নেবে না এবং দেশটির সরকারও আর এ ধরনের অস্ত্র চায় না। তিনি বলেন, এই পর্যায়ে ইরানের ইউরেনিয়াম মজুত ফেরত নেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত হলে গভীরে থাকা পারমাণবিক ধুলাবালি উদ্ধার করা হবে। এ সময় ইরানের কাছে থাকা কয়েকশ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কথাও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প ভবিষ্যতে ইরান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রক্রিয়া দ্রুত ও সহজে শেষ না হলে যুক্তরাষ্ট্রের হাতে ‘চূড়ান্ত বিকল্প’ আছে, যা তিনি ব্যবহার করতে চান না।
ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, স্মারক সইয়ের তারিখ জানতে আরও অপেক্ষা করতে হবে। রোববার এটি হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের দ্বিধার কারণে এ নিয়ে মন্তব্যে সতর্ক থাকতে হবে।