মানহানির মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে তার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্যের জেরে মামলাটি হয়।

বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার বলেন, আজ দুপুর ২টার দিকে মুফতি আমির হামজা আদালতে আত্মসমর্পণ করবেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম জানান, জোহর নামাজ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।

মামলার নথি অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়। সেদিনই আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হতে বলেন।

নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপরও আদালতে না আসায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকারের আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।