বলিউড তারকা আলিয়া ভাটের আসন্ন সিনেমা ‘আলফা’র নতুন পোস্টার ঘিরে নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে। অ্যাকশন-থ্রিলার টিজারের পর শুক্রবার সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। তবে পোস্টার সামনে আসতেই নেটিজেনদের বড় অংশ দাবি করছেন, হলিউডের সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ‘ডিউন’-এর পোস্টার হুবহু নকল করে এটি বানানো হয়েছে।
যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের এই পোস্টারে আলিয়া ভাট, শর্বরী বাগ, ববি দেওল ও অনিল কাপুরকে দেখা গেছে রুক্ষ ও বিধ্বংসী লুকে।
পুরো পোস্টারে মরুভূমির আবহ আর সেপিয়া টোনের ধূসর-বাদামি রঙের ব্যবহার সিনেমাটিকে ভবিষ্যৎ পৃথিবীর আমেজ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশন দেন ‘দ্য আলফা গ্যাং’।
এই ব্যাকগ্রাউন্ড আর কালার গ্রেডিং দেখেই দর্শকরা টিমোথি শালামে ও জেনডায়া অভিনীত ‘ডিউন’-এর প্রচারণামূলক পোস্টারের সঙ্গে মিল খুঁজে পান।
পোস্টার প্রকাশের পরপরই এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রোলের ঝড় ওঠে। অনেকে পোস্টারের গঠন, রঙের ব্যবহার ও সামগ্রিক আবহের সঙ্গে ‘ডিউন’-এর হুবহু মিল নিয়ে তীব্র সমালোচনা করছেন।
একজন লিখেছেন, অন্তত নিজেদের মৌলিক কিছু করুন। নকল করেই তো সব চলছে। আরেকজন মজা করে লেখেন, মনে হয় পোস্টার বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এআইকে হয়তো বলা হয়েছিল ‘ডিউন’-এর অভিনেতাদের সরিয়ে ‘আলফা’র অভিনেতাদের বসিয়ে দিতে। কেউ আবার রসিকতা করে বলছেন, ‘ডিউন’-এর প্রযোজকরাই হয়তো ভবিষ্যতে এসে ‘আলফা’র পোস্টার কপি করেছিলেন!
শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা। টিজারে দেখা গেছে, এটি ‘সীতা’ নামের এক নারীর উত্থানের গল্প। চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। তাকে পেশাদার হত্যাকারী হিসেবে গড়ে তোলেন তার বাবা, যার চরিত্রে আছেন ববি দেওল। সিনেমাটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি