চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানে তা সফল হয়নি। পরে বিএসএফ তাদের সীমান্ত থেকে সরিয়ে নেয়।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলারের কাছে ভারতের ভেতরে ভোরে ১১ জনকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানো।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেয়। স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে বিএসএফ শেষ পর্যন্ত পিছু হটে। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফ বারবার পুশ ইনের চেষ্টা করেছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।