ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তাররা হলেন- কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০), যুবলীগ কর্মী জহিরুল ইসলাম (৩৮), আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), যুবলীগ সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।
ওসি সফিকুল ইসলাম সুমন জানান, শুক্রবার (১২ জুন) রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ঠেকাতে এ ধরনের অভিযান চলবে।