চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক শিশু।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত হয়েছে একই পরিবারের পাঁচ বছরের শিশু পিয়াস বড়ুয়া।
প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তীর রক্তাক্ত দেহ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। পরে পিয়াসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তিনি দাবি করেছেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেনের কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
সুজন বড়ুয়া বলেন, রাতে শহরে ছিলাম। বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে দেখি সব শেষ। তার দাবি, মৃত্যুর আগে স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম বলেছিলেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।