২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে ব্রাজিলের গ্রুপসঙ্গী হাইতি। দেশটির জার্সিতে থাকা একটি ঐতিহাসিক চিত্রকে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে বিবেচনা করে তা অনুমোদন দেয়নি ফিফা।

কলম্বিয়ার ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সায়েতা’র তৈরি করা হাইতির মূল জার্সির সামনের অংশে ১৮০৩ সালের হাইতির স্বাধীনতা যুদ্ধের শেষ লড়াইয়ের একটি দৃশ্য তুলে ধরা হয়েছিল। তবে ফিফার অনুমোদন প্রক্রিয়ায় সেই নকশা বাতিল হয়ে যায়।

এ বিষয়ে সায়েতা এক বিবৃতিতে জানায়, তারা ফিফার সিদ্ধান্ত মেনে নেবে। যদিও তাদের দাবি, নকশাটি কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য তৈরি করা হয়নি।

বরং হাইতির ইতিহাস এবং দেশটির উন্নয়নে অবদান রাখা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই এটি ব্যবহার করা হয়েছিল।

জার্সিটির নকশায় নীল রঙ দিয়ে সমুদ্র এবং লাল রঙ দিয়ে হাইতির শক্তি ও আবেগকে তুলে ধরা হয়েছিল জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি গত সপ্তাহে পেরুর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও খেলোয়াড়রা এই জার্সি পরে মাঠে নেমেছিলেন।

এটি প্রথমবার নয়। কয়েক মাস আগে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পোশাক থেকেও হাইতির প্রতিষ্ঠাতা নেতা তুসাঁ লুভের্ত্যুরের ছবি সরাতে বাধ্য করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের মতে, ওই ছবি অলিম্পিকের রাজনৈতিক প্রতীকবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ছিল।

১৮০৪ সালে স্বাধীনতা অর্জনকারী হাইতি বিশ্বের প্রথম স্বাধীন রাষ্ট্র, যা সাবেক দাসদের সফল বিদ্রোহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই স্বাধীনতা সংগ্রামের স্মৃতি দেশটির জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্বকাপে হাইতি ‘সি’ গ্রুপে খেলবে।

তাদের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি হবে ক্যারিবীয় দেশটি।