জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো:

• বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প • সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প • ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প • আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প • ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প • বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ • ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প • মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প • দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প • বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এই ১০টি প্রকল্পের সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হবে।