ইসরায়েল ও ইরান অন্তত আগামী এক সপ্তাহের জন্য একে অপরের ওপর হামলা চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুন) নিউইয়র্কে বাস্কেটবল উপভোগ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। খবর আল-জাজিরার।
ট্রাম্প বলেন, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো’ কথোপকথন হয়েছে। সেখানেই ইসরায়েল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য শান্ত থাকার সিদ্ধান্ত নেয়।
ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন। এর জন্য আমি তাকে মোটেও দোষ দিতে পারি না।’
পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যেহেতু দুই পক্ষই একে অপরকে আঘাত করেছে, তাই এখন তারা বিষয়টির ইতি টেনেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তারা অন্তত আরও এক সপ্তাহ বা এইরকম কিছু সময়ের জন্য একে অপরকে আর ঘাঁটাবে না।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনার অগ্রগতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি চমৎকার চুক্তির শেষ পর্যায়ে রয়েছে, যা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘হরমুজ প্রণালি এখনই খুলে যাবে। চুক্তি স্বাক্ষরের পরপরই এটি অবিলম্বে খুলে যাবে, যা আগামী দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।’