ফুটবলের বিশ্বমঞ্চে ব্রাজিল মানেই ইতিহাস, ঐতিহ্য এবং কোটি সমর্থকের আবেগ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই চেনা সাফল্য যেন অনেক দিন ধরেই অধরা। ২০০২ সালে রোনালদো, রিভালদো ও রোনালদিনহোদের হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর টানা পাঁচটি আসরে হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল।
‘হেক্সা’ মিশনকে সামনে রেখে এবার ভিন্ন পথে হাঁটছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ ব্রাজিলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে ইউরোপীয় কৌশল ও শৃঙ্খলার সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন। তবে তার এই পরিকল্পনা কতটা সফল হবে, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার সিমুলেশনও তুলে ধরেছে ব্রাজিলের সম্ভাব্য বিশ্বকাপ যাত্রাপথ। তাদের পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। কাগজে-কলমে এই গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার পথে বড় কোনো বাধা নেই সেলেসাওদের। অপটার হিসাব বলছে, গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৯৭ শতাংশ।
রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান। সাম্প্রতিক বছরগুলোতে জাপান নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিলেও বিশ্বকাপের বড় মঞ্চে ব্রাজিলের অভিজ্ঞতা ও ঐতিহ্য তাদের এগিয়ে রাখছে। এই ধাপ অতিক্রম করার সম্ভাবনা ধরা হয়েছে প্রায় ৬২ শতাংশ।
শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে। আর্লিং হালান্ডকে ঘিরে গড়ে ওঠা নরওয়ের আক্রমণভাগ যে কোনো দলের জন্যই হুমকি হতে পারে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অভিজ্ঞতা বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হতে পারে সেলেসাওদের অন্যতম বড় পরীক্ষা। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এখনো অপরাজিত ব্রাজিল, তবে দুই দলের লড়াই বরাবরই জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অপটার পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে পারে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের দ্বৈরথে যেমন ব্রাজিলের সাফল্য রয়েছে, তেমনি রয়েছে ফরাসিদেরও স্মরণীয় জয়। ফলে এই ম্যাচও হতে পারে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ।
সবশেষে ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনার কথা বলছে সুপারকম্পিউটার। বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল স্পেন হলেও ঐতিহাসিকভাবে তাদের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড মোটেও হতাশাজনক নয়।
অপটার হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ব্রাজিল শীর্ষ ফেভারিট না হলেও ট্রফি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। তবে পরিসংখ্যান সব সময় মাঠের বাস্তবতা নির্ধারণ করে না। কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদের প্রতিভা এবং কোটি সমর্থকের প্রত্যাশা, সব মিলিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ শিরোপা ঘরে তুলতে পারেন কি না নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা।