চলমান যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন।
তাদের নাম পিয়েরে জাকারজেউস্কি ও ওলেক্সান্দ্রা কুভশিনোভা। এই দুজনই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ছিলেন।
এর আগে গত ১৩ মার্চ ইউক্রেনে নিহত হন ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক সাংবাদিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হন। একই ঘটনায় তাদের কর্মী বেঞ্জামিন হল আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মীর মৃত্যুর দিনটিকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ‘সাংবাদিক হিসেবে জাকরজেউস্কির আবেগ ও প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেছেন তিনি। সুজান স্কট বলেছেন, পিয়েরে ছিলেন যুদ্ধক্ষেত্রের চিত্রগ্রাহক। তিনি দীর্ঘ সময় ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় ফক্স নিউজের হয়ে দায়িত্ব পালন করেছেন।