বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে এখন প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হবে ১৫০ টাকা ২১ পয়সায়। এর আগে মে মাসে দাম ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।

একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ০.৯৮০৮ ডলার।

এর আগে সর্বশেষ ২৩ মে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি দাম ৩৯ টাকা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। আর আন্তর্জাতিক রুটে দাম নির্ধারণ করা হয়েছিল ১.০৩৮৫ ডলার।