রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান।
তিনি বলেন, আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজীবন বিনা মূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা ও চাকরির প্রস্তাব দেয়।
পরিবারগুলো যেসব সুবিধা পাবে
• আজীবন ফ্রি চিকিৎসা: ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন।
• শিক্ষাসুবিধা: আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা বেশি ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফ করা হবে।
• চাকরির সুযোগ: পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।