চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (৭ জুন) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী ৮-১১ জুন চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত ‘পঞ্চম সিএমজি ফোরামে’ অংশ নেবেন।

এছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তথ্য বিনিময় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।