রাজধানীর মতিঝিলে দিনদুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৭ জুন) বেলা ৩টার দিকে শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিতে মো. লোকমান নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি লোকমানের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গুলি করা হয়। এ সময় আশপাশের লোকজন ভয়ে ছুটে পালান। পরে গুলিবিদ্ধ লোকমানের ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে কত টাকা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, ছিনতাইকারী চক্রটি আগে থেকেই লোকমানকে অনুসরণ করছিল। জনতা ব্যাংকের সামনে আসামাত্র মোটরসাইকেলে থাকা দুজন তার পথরোধ করে। এরপর গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা জড়িত তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।