আফজাল শিকদার, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে একজন কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে অপর একজন কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন এবং নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে। তিনিও একজন কৃষক পাশাপাশি সৌখিন মাছ শিকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান।
এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। অপরদিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহীদ শেখ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল ও শহীদ গুরুতর আহত হন।
স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কতব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত শহীদ শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।