চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনের ওপর যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বালুবাহী একটি পিকআপকে ধাক্কা দিয়েছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবারটিলা এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য বালু নিয়ে একটি পিকআপ রেললাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে চলে এলে চালক ও সহকারী দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে পড়ে।

 

স্থানীয় বাসিন্দা আবদুল হাই জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় ক্ষতিগ্রস্ত পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রেলওয়ে কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পাহাড়িকা এক্সপ্রেসের গার্ড মিজানুর চৌধুরী বলেন, “বিকট শব্দ শুনে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়। পরে দেখা যায়, রেললাইনের ওপর আটকে থাকা একটি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।”
পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।

উদ্ধারকাজ শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।”
রেলওয়ে সূত্র জানায়, বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে।