রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত বলেছেন, জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে। টাকা না দিলে কালেক্টরেট অফিস আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রি করে পরিবারকে টাকা বুঝিয়ে দেবে।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ফ্ল্যাটে থাকা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার মাত্র ৫ দিনের মাথায় ২৪ মে পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে চার্জশিট দেন। ওইদিনই মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়। তবে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ১ জুন চার্জগঠনের দিন ধার্য হয়।

ঈদের পর ১ জুন চার্জগঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২ জুন এক দিনেই রামিসার বাবা, মা, বোন ও স্বজনসহ ১৬ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ৪ জুন যুক্তিতর্ক শুনানি হয়।

মাত্র ৫ কর্মদিবসে বিচার শেষ করে আজ রায় দিলেন আদালত।