দক্ষতাভিত্তিক শিক্ষা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বাড়ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ বাড়াচ্ছে।
এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গত তিন মাস ধরে অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ চলছে।