আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার। রাজধানীসহ জেলা-উপজেলা পর্যায়ে একযোগে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার কার্যপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

কার্যপত্র অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সংবর্ধনা দেবে। একই সঙ্গে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হবে।

জেলা পর্যায়েও শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও আলোচনা সভা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সব জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঢাকায় শাহবাগের স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা জানানো হবে। এজন্য সব স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা করা হবে।

দিবসটি ঘিরে সিটি করপোরেশন ও পৌরসভায় প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, জেলা-উপজেলায় চলচ্চিত্র প্রদর্শনী এবং জাদুঘরগুলো বিনা টিকিটে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সারাদেশে বিশেষ মোনাজাতের আয়োজনও থাকবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাণী দেবেন। ৫ আগস্ট সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও ভবঘুরে প্রতিষ্ঠানে প্রীতিভোজ হবে।

এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হবে। স্মারক ডাকটিকিট প্রকাশ, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হবে।

এসব কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, অর্থ বিভাগ, গণপূর্ত, স্বাস্থ্যসেবা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করবেন।

অনুষ্ঠান আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও প্রশাসন শাখার অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (ক্রাইম অ্যান্ড অপস) আহ্বায়ক করে দুটি উপকমিটিও করা হয়েছে।